বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফুটবল একসময় ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা। শহর থেকে গ্রাম, স্কুলের মাঠ থেকে জাতীয় স্টেডিয়াম-সবখানেই ফুটবলকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা কিংবা আন্তর্জাতিক ম্যাচ, সব ক্ষেত্রেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সময়ের পরিবর্তনে বাংলাদেশের ফুটবলে এসেছে নানা উত্থান-পতন। একদিকে রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য অর্জন, অন্যদিকে রয়েছে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, ব্যবস্থাপনাগত সংকট ও প্রত্যাশা পূরণে ব্যর্থতার ইতিহাস।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যাত্রা
স্বাধীনতার পর বাংলাদেশের ফুটবল নতুনভাবে সংগঠিত হতে শুরু করে। ১৯৭২ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের ফুটবল পরিচালনায় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠে। ১৯৭৩ সালে জাতীয় ফুটবল দল প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে।
এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান তৈরির চেষ্টা চালায় বাংলাদেশ। ১৯৮০ সালে কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণ ছিল দেশের ফুটবল ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। এশিয়ার শীর্ষ পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের ফুটবলের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল।
সাফ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সাফল্য
বাংলাদেশের ফুটবলের অন্যতম স্মরণীয় অর্জন ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয়। ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে পরাজিত করে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এই সাফল্য দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করে।
এ ছাড়া ১৯৯৯ সালের দক্ষিণ এশীয় গেমসে ফুটবলে স্বর্ণপদক অর্জন বাংলাদেশের ফুটবল ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এসব সাফল্য প্রমাণ করেছিল, পরিকল্পিত প্রস্তুতি ও দলীয় সমন্বয় থাকলে দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।
জনপ্রিয়তা কমার পেছনে যেসব কারণ
একসময় দেশের প্রধান জনপ্রিয় খেলা হিসেবে বিবেচিত হলেও পরবর্তী সময়ে বাংলাদেশের ফুটবলে দর্শক আগ্রহ কমতে শুরু করে। এর পেছনে একাধিক কারণ কাজ করেছে। ঘরোয়া ফুটবলের মান ও প্রতিযোগিতার ধারাবাহিকতা ধরে রাখতে না পারা, ক্লাব ব্যবস্থাপনায় দুর্বলতা, পর্যাপ্ত মানসম্মত মাঠের অভাব এবং বয়সভিত্তিক খেলোয়াড় তৈরির কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে না পারা অন্যতম কারণ।
এ ছাড়া ফুটবল প্রশাসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি, আর্থিক সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক ভালো ফল অর্জনে ব্যর্থতাও এই সংকটকে গভীর করেছে।
অন্যদিকে ১৯৯০-এর দশকের শেষভাগ থেকে বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক সাফল্য অর্জন করতে থাকায় ক্রীড়াপ্রেমীদের একটি বড় অংশের আগ্রহ ক্রিকেটের দিকে স্থানান্তরিত হয়। ফলে ফুটবল তার আগের দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারেনি।
নারী ফুটবলে নতুন সম্ভাবনার উন্মেষ
পুরুষ ফুটবলে নানা সীমাবদ্ধতা থাকলেও নারী ফুটবল সাম্প্রতিক বছরগুলোতে দেশের ক্রীড়াঙ্গনে আশার আলো দেখিয়েছে। ২০২২ সালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ।
২০২৪ সালেও নেপালকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখে দলটি। নারী ফুটবলারদের এই ধারাবাহিক সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
২০২৫ সালে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এটি ছিল দেশের নারী ফুটবলের ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক। ২০২৬ সালে প্রথমবারের মতো মূল পর্বে অংশগ্রহণও বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
পুরুষ ফুটবলে নতুন করে আশার সঞ্চার
সাম্প্রতিক সময়ে পুরুষ ফুটবলেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ফুটবলার হামজা চৌধুরীর জাতীয় দলে অন্তর্ভুক্তি ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি প্রত্যাশা সৃষ্টি করে। তাঁর পাশাপাশি প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করার উদ্যোগ দলকে শক্তিশালী করার আলোচনাকে সামনে নিয়ে এসেছে।
২০২৫ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ও জাতীয় দলের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে। তবে বিচ্ছিন্ন কিছু সাফল্যের পাশাপাশি ধারাবাহিক উন্নতি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
উত্তরণের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা
বাংলাদেশের ফুটবলের হারানো জনপ্রিয়তা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় শক্ত অবস্থান ফিরিয়ে আনতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। বিশেষজ্ঞদের মতে, তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়ন, স্কুল ও কলেজভিত্তিক প্রতিযোগিতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণব্যবস্থা, দক্ষ কোচ তৈরি এবং ক্লাব ফুটবলের পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
পাশাপাশি নারী ও পুরুষ উভয় দলের জন্য নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজন এবং তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ তৈরি করতে হবে। ফুটবল অবকাঠামো উন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
সামনে যে প্রত্যাশা
বাংলাদেশের ফুটবলের ইতিহাসে রয়েছে গৌরবময় অর্জন, আবার রয়েছে দীর্ঘদিনের হতাশা। ১৯৮০ সালের এশিয়ান কাপ, ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয় এবং সাম্প্রতিক সময়ে নারী ফুটবলের আন্তর্জাতিক সাফল্য দেশের ফুটবলের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে।
তবে অতীতের গৌরব ফিরিয়ে আনতে শুধু সাময়িক সাফল্য যথেষ্ট নয়। প্রয়োজন ধারাবাহিক পরিকল্পনা, কার্যকর প্রশাসন, তৃণমূল পর্যায়ে বিনিয়োগ এবং প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ পরিচর্যা।
বাংলাদেশের ফুটবল আবারও আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করতে পারবে কি না, তা নির্ভর করছে বর্তমান উদ্যোগগুলোর বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর।
বাংলাদেশের ফুটবলের অর্জনের দীর্ঘ তালিকা: পুরুষ দলের ঐতিহাসিক সাফল্য, নারী ফুটবলের জয়যাত্রা
অনলাইন ডেস্ক | ক্রীড়া
বাংলাদেশের ফুটবল ইতিহাসে রয়েছে বহু স্মরণীয় অর্জন। আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় পুরুষ দল, নারী দল এবং বয়সভিত্তিক দল বিভিন্ন সময়ে শিরোপা, রানার্সআপ ও পদক অর্জন করে দেশের জন্য সম্মান বয়ে এনেছে। বিশেষ করে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয়, ২০২২ ও ২০২৪ সালে নারী দলের সাফ শিরোপা এবং ২০২৬ সালে পুরুষ অনূর্ধ্ব-২০ দলের সাফ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল ইতিহাসে যুক্ত হয়েছে নতুন নতুন অধ্যায়।
অতীতের গৌরবময় সাফল্যের পাশাপাশি সাম্প্রতিক সময়ে নারী ও যুব ফুটবলের অগ্রযাত্রা দেশের ফুটবলকে নতুন করে আলোচনায় এনেছে।
জাতীয় পুরুষ ফুটবল দলের অর্জন
বাংলাদেশের পুরুষ জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক যাত্রায় উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। ১৯৮০ সালে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণ ছিল দেশের ফুটবলের অন্যতম বড় অর্জন।
পরবর্তী সময়ে দক্ষিণ এশীয় গেমস, সাফ চ্যাম্পিয়নশিপ এবং বিভিন্ন আন্তর্জাতিক আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে বাংলাদেশ।
উল্লেখযোগ্য অর্জন:
১৯৮০: এএফসি এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবার অংশগ্রহণ।
১৯৮৪: দক্ষিণ এশীয় গেমসে রৌপ্যপদক।
১৯৮৫: কুয়াইদ-ই-আজম আন্তর্জাতিক টুর্নামেন্টে রানার্সআপ।
১৯৮৭: কুয়াইদ-ই-আজম আন্তর্জাতিক টুর্নামেন্টে তৃতীয় স্থান।
১৯৮৯: প্রেসিডেন্টস গোল্ড কাপ চ্যাম্পিয়ন।
১৯৮৯: দক্ষিণ এশীয় গেমসে রৌপ্যপদক।
১৯৯১: দক্ষিণ এশীয় গেমসে ব্রোঞ্জপদক।
১৯৯৫: চার জাতি টাইগার ট্রফি চ্যাম্পিয়ন।
১৯৯৫: দক্ষিণ এশীয় গেমসে রৌপ্যপদক।
১৯৯৯: দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক।
১৯৯৯: সাফ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ।
২০০৩: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন।
২০০৩: জিগমে দর্জি ওয়াংচুক মেমোরিয়াল ট্রফি চ্যাম্পিয়ন।
২০০৫: সাফ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ।
২০১৫: বঙ্গবন্ধু গোল্ড কাপে রানার্সআপ।
২০২০: মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জয়।
২০২১: নেপাল ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্টে রানার্সআপ।
নারী ফুটবলে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য
বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে নারী দলের হাত ধরে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের নারী ফুটবলাররা একাধিকবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
২০২২ সালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। ২০২৪ সালে আবারও নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে দলটি।
২০২৬ সালেও বাংলাদেশ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে। তবে ভারতের কাছে ১-৩ গোলে হেরে রানার্সআপ হয়।
উল্লেখযোগ্য অর্জন:
২০১০: দক্ষিণ এশীয় গেমসে ব্রোঞ্জপদক।
২০১৬: সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ।
২০১৬: দক্ষিণ এশীয় গেমসে ব্রোঞ্জপদক।
২০২২: প্রথমবার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়।
২০২৪: দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়।
২০২৫: প্রথমবার এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন।
২০২৬: প্রথমবার এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণ।
২০২৬: সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ।
এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের অভিষেকও নারী ফুটবলের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। যদিও দলটি ২০২৬ সালের আসরে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই পরাজিত হয়, তবু মহাদেশীয় পর্যায়ে প্রথমবার অংশগ্রহণের অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।
পুরুষ বয়সভিত্তিক দলের সাফল্য
জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশের বয়সভিত্তিক পুরুষ ফুটবল দলও দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
২০২৪ সালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে বাংলাদেশ। এরপর ২০২৬ সালের ৩ এপ্রিল মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে দলটি।
উল্লেখযোগ্য অর্জন:
২০২৪: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন।
২০২৪: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ।
২০২৬: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন।
২০২৬ সালের ফাইনালে বাংলাদেশের হয়ে জয়সূচক পেনাল্টি করেন রোনান সুলিভান। ভারতের বিপক্ষে এই জয় যুব ফুটবলে বাংলাদেশের আরেকটি স্মরণীয় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
নারী বয়সভিত্তিক দলের সাফল্যের ধারাবাহিকতা
বাংলাদেশের নারী বয়সভিত্তিক ফুটবল দলও আন্তর্জাতিক অঙ্গনে একাধিক শিরোপা অর্জন করেছে। বিশেষ করে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতা এবং সাফের বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন।
উল্লেখযোগ্য অর্জন:
২০১৫: এএফসি অনূর্ধ্ব-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন।
২০১৬: এএফসি অনূর্ধ্ব-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন।
২০১৭: সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন।
২০১৭: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে গ্রুপসেরা।
২০১৮: জকি ক্লাব আন্তর্জাতিক যুব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন।
২০১৮: সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন।
২০১৯: বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপে যৌথ চ্যাম্পিয়ন।
২০২১: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন।
২০২৩: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন।
২০২৪: সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন।
২০২৪: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে যৌথ চ্যাম্পিয়ন।
বিশেষ করে ২০১৫ ও ২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতায় টানা দুইবার শিরোপা জয় নারী ফুটবলের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এফএস