সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহীগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশ দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের কাছে খাবারের দুটি পরিষ্কার বাটি, জামাকাপড়, দাঁত মাজার সামগ্রী ও একটি সরিষার তেলের বোতল পাওয়া গেছে। এসব সামগ্রী দেখে স্থানীয়দের ধারণা, তিনি দিনমজুরের কাজ করতেন। তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এফএস