ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নিরাপত্তাজনিত কারণে বাতিল লাকি আলীর বাংলাদেশ সফর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম
X

ভারতীয় সংগীতশিল্পী লাকি আলীর বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে দুটি কনসার্টে অংশ নেওয়ার কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্ট।

এক বিজ্ঞপ্তিতে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি কনসার্টের টিকিটের অর্থ ফেরতের প্রক্রিয়াও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে লাকি আলীর বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। এর ফলে কনসার্টের সব টিকিট বাতিল বলে গণ্য হবে। ইতোমধ্যে অর্থ ফেরতের জন্য যেসব আবেদন জমা পড়েছে, সেগুলোর নিষ্পত্তি ২৪ ঘণ্টার মধ্যে করা হয়েছে।

যেসব দর্শক এখনো অর্থ ফেরতের আবেদন করেননি, তাঁদের ই-মেইলে পাঠানো রিফান্ড বার্তার 'Get my refund' অপশনে ক্লিক করে বিকাশ, নগদ অথবা ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে। আবেদন সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে টিকিটের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়া হবে। এ-সংক্রান্ত ই-মেইল না পেলে স্প্যাম ফোল্ডার পরীক্ষা করার পরামর্শ দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

আগামী ১৬ নভেম্বর পর্যন্ত গ্রাহকদের পছন্দের মাধ্যমে অর্থ ফেরত নেওয়ার সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ আবেদন না করলে টিকিট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটে সরাসরি অর্থ ফেরত পাঠানো হবে। এ ক্ষেত্রে সাত থেকে ১০ কার্যদিবস সময় লাগতে পারে।

কনসার্ট বাতিলের কারণ ব্যাখ্যা করে ইকিউব এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক দ্রোহী আহসান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কনসার্ট আয়োজনকে নিরাপদ মনে করছেন না তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞা দেওয়া না হলেও অনানুষ্ঠানিকভাবে আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে এবং শিল্পীর সঙ্গে আলোচনা করেই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, 'ও সানাম' ও 'এক পল কা জিনা'র মতো জনপ্রিয় গানের শিল্পী লাকি আলীর প্রায় তিন বছর পর বাংলাদেশে সংগীত পরিবেশনের কথা ছিল। তাঁর এই সফর ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে সফর বাতিল হওয়ায় আপাতত তাঁর বাংলাদেশে গান শোনার অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদের।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝