ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যে রোগে আক্রান্ত প্রিয়াঙ্কার স্বামী নিক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

৩ বছর বয়সে জানতে পারেন, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত তিনি। এরপর কেটে গেছে ২১ বছর। এই দীর্ঘ সময়ে রোগটির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে গায়ক ও অভিনেতা নিক জোনাসকে। বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপন করলেও প্রতিদিনের নানা সিদ্ধান্তে এই রোগের প্রভাব কতটা, তা এবার খোলামেলাভাবে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে ডায়াবেটিসকে ‘পুরোনো বন্ধু’ বলে সম্বোধন করেছেন তিনি। তবে দীর্ঘদিনের এই সঙ্গীকে এখনো মন থেকে মেনে নিতে পারেননি, জানিয়েছেন সেই কথাও।
আন্তর্জাতিক ডায়াবেটিস সচেতনতা মাস উপলক্ষে নিজের শারীরিক লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন ৩৪ বছর বয়সী নিক। চিঠিতে তিনি লিখেছেন, ‘হ্যালো বন্ধু! প্রায় ২১ বছর হয়ে গেল, তাই না? কিন্তু তোমার একটুও বদল ঘটেনি… আশ্চর্য লাগে, আমরা প্রতিদিন কতবার নিজেদের মধ্যে কথা বলি! খাবারের তালিকায় মাত্র ১৭ গ্রাম কার্বোহাইড্রেট থাকলে ইনসুলিন নেওয়ার কথা ভাবা, কিংবা ফোনে বারবার নিজের রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করা—সপ্তাহে এই ধরনের শয়ে শয়ে সিদ্ধান্ত নিতে হয় আমাকে। বাইরের মানুষ হয়তো এগুলো খেয়ালও করে না। তবে এটাই বাস্তব সম্পর্ক, কারণ ডায়াবেটিস হলো আপনার শরীর, মন এবং যন্ত্রের মধ্যকার এক অবিরাম কথোপকথন।’

কৈশোরে রোগটি ধরা পড়ার পর তাঁর পরিচিত জীবন অনেকটাই বদলে যায়। নিক জানান, ডায়াবেটিসের অনিশ্চিত আচরণের কারণে একসময় নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি তৈরি হয়েছিল। মাঝেমধ্যে তাঁর মনে হয়, এই রোগ না থাকলে জীবনটা কেমন হতো! চিঠিতে তিনি লিখেছেন, ‘এমন বহু দিন আসে যখন মনে হয়, তুমি (ডায়াবেটিস) না থাকলে আমার জীবনটা ঠিক কেমন হতো!’

শৈশব ও কৈশোরে শারীরিক এই সমস্যার কারণে বিচ্ছিন্নতাবোধেও ভুগতেন নিক। স্কুল কিংবা বন্ধুদের আড্ডায় নিজেকে মানিয়ে নিতে কষ্ট হতো তাঁর। পরে প্রকাশ্যে টাইপ-১ ডায়াবেটিস নিয়ে কথা বলতে শুরু করেন। একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া মানুষের সঙ্গে যোগাযোগ বাড়লে নিজের মধ্যে একাত্মতা ও মানসিক স্বস্তি খুঁজে পান তিনি।
নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে আনার পেছনের উদ্দেশ্যও জানিয়েছেন এই গায়ক। বিশেষ করে যেসব কিশোর-কিশোরী নতুন করে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, তাদের সাহস জোগাতে চান তিনি। নিক বলেন, ‘আমি আমার এই লড়াইয়ের গল্প সেই ১৩ বছরের কিশোর-কিশোরীদের জন্যই ভাগ করে নিচ্ছি, যারা সদ্য এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে চরম ভয়ে দিন কাটাচ্ছে। আমি চাই তারা দেখুক যে, এত বড় শারীরিক চ্যালেঞ্জ প্রতিদিন সামলে নিয়েও আজও একজন মানুষ কীভাবে নিজের স্বপ্নগুলো সত্যি করে চলেছে।’

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের রাজস্থানের যোধপুরে উমেদ ভবন প্যালেসে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। হিন্দু ও খ্রিষ্টান—দুই রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। প্রথম দিন খ্রিষ্টান রীতিতে বিয়ের সময় সাদা গাউন ও দীর্ঘ ভেইলে সেজেছিলেন প্রিয়াঙ্কা। নিক পরেছিলেন কালো টাক্সিডো। পরদিন হিন্দু রীতির আয়োজনে লাল সব্যসাচী লেহেঙ্গায় বধূবেশে দেখা যায় প্রিয়াঙ্কাকে। নিক পরেছিলেন রাজকীয় শেরওয়ানি। 

সূত্র: দ্য ওয়াল

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝