খুলনায় সন্ত্রাসীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রূপসা উপজেলা শিক্ষা বিভাগের হিসাবরক্ষক মশিউর রহমান (৫৯) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে হাসানের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে। আহত মশিউর রহমান মোজাম্মেল হকের ছেলে।
মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে তিনি বাসা থেকে পাইপের মোড় হয়ে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে একটি মোটরসাইকেলে করে আসা তিন যুবক অন্য একজনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাম পাঁজরে বিদ্ধ হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, ওই ব্যক্তি বাইরে কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত রয়েছেন।