নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যকে নির্জন বিলে ডেকে নিয়ে হাত-পা ভেঙে এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহজালাল নামে এক ব্যক্তিসহ ১০-১৫ জন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারাবো পৌরসভার মাসাবো এলাকায় মাদক বিক্রি বন্ধে কাজ করছিলেন পুলিশ সদস্য আবুল কালাম। এরই ধারাবাহিকতায় তিনি স্থানীয় মাদক কারবারি শাহাদাত ও এমদাদুলকে পুলিশে ধরিয়ে দেন। এ ঘটনার পর থেকে শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে একটি নির্জন বিলে ডেকে নেন। সেখানে আগে থেকেই অবস্থান করা শাহজালালসহ ১০-১৫ জন মিলে তার ওপর হামলা চালান। এ সময় তাকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরএন