কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোর ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। তার মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সহপাঠীদের সূত্রে জানা যায়, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল শাহীন। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগ করেছে তার সহপাঠীরা।
পরে বন্ধুরা আহত শাহীনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। পরে রংপুরের বেসরকারি ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহীনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। অল্প বয়সে তার এমন মর্মান্তিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনিল চন্দ্র রায় / এফএস