ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মন্ডল গ্রামে তুচ্ছ পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামও।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মন্ডল গ্রামের পুকুরপাড় এলাকার আদম আলী গোষ্ঠী ও কবির গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বর্তমানে আদম আলী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন মহিউদ্দিন এবং কবির গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন মাওলানা জানে আলম সিদ্দিকী।

চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, গত ১ নভেম্বর আদম আলী গোষ্ঠীর ইয়াসিন নামের এক যুবক মোবাইল ফোনে গান শুনতে শুনতে অপর গোষ্ঠীর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাবলা নামের এক ব্যক্তি তাকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন শারীরিকভাবে আঘাতের শিকার হন।

এ ঘটনার জেরে বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার সকাল ১০টায় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাবলাকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে বলা হলে তার পক্ষ থেকে মাওলানা জানে আলম সিদ্দিকী এতে আপত্তি জানান। এ নিয়ে বৈঠকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে দুপুর ১টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ৩টা পর্যন্ত চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করতে গিয়ে ইটপাটকেলের আঘাতে আহত হন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে উভয় পক্ষের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় সূত্রে আহতের সংখ্যা অন্তত ৩০ জন বললেও পুলিশের হিসাবে আহতের সংখ্যা ২০ থেকে ২৫ জন।

এসআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝