আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতিটি ইউনিয়নে এনসিপি সমর্থিত প্রার্থী নিশ্চিত করতে সর্বাত্মক কাজ চলছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এনসিপির জেলা শাখার আয়োজনে আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু সংশয় রয়েছে। নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার সচিবের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে নির্বাচনটি দলীয় নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে হওয়ার কোনো নিশ্চিত নিশ্চয়তা দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, বিএনপি সবকিছু দলীয়করণ করে নিজেদের অনুকূলে সুবিধা নেওয়ার চেষ্টা করছে এবং যে কোনো মুহূর্তে নির্বাচনী আচরণ লঙ্ঘন করে জয় ছিনিয়ে নিতে পারে। এ বিষয়ে ১১ দলীয় ঐক্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে এবং প্রয়োজনীয় পরিবর্তন আনতে আবারও কমিশনের সাথে বসার কথা ভাবা হচ্ছে।
জোটগত অবস্থান পরিষ্কার করে নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় জোটটি মূলত একটি নির্বাচনী ও এজেন্ডাভিত্তিক জোট, যা বর্তমানে গণআন্দোলন এবং সংসদে সক্রিয় রয়েছে। এর বাইরে এনসিপি একটি আলাদা সংগঠন হিসেবে নিজস্ব রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছে।
জুলাই অভ্যুত্থানের চেতনা ও সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বিএনপিকে তীব্র সমালোচনা করে বলেন, বিএনপি সংসদ সদস্যরা শপথ না নিয়ে গণঅভ্যুত্থান ও গণরায়ের সাথে বেঈমানি করেছেন। বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা ধরে রেখেছে এবং গণভোটের রায় মানছে না বলে মন্তব্য করেন তিনি। কোনো একনায়ক বেশি দিন খবরদারি টিকিয়ে রাখতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, মেয়াদ পূর্ণ করতে হলে অবশ্যই গণঅভ্যুত্থানের গণরায় ও জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে হবে।
সামান্তা শারমিনের পদত্যাগের বিষয়ে নাহিদ সাংবাদিকদের বলেন, তিনি ব্যক্তিগত ও আদর্শিক জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর জন্য শুভকামনা।
এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ। এতে বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন।
সভায় দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এসএ