খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ছাড়া একটি টমটম অটোরিকশাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।
অগ্নিকাণ্ডে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, কাঠ ও টিনের কাঠামো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। এ ঘটনায় নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে।