প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে স্বৈরাচারকে পরাজিত করে বিতাড়িত করেছিল, আজ আবারও সেই ষড়যন্ত্রকারীরা ধীরে ধীরে ফণা তোলার চেষ্টা করছে। আসুন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা এবং এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের স্বার্থে আমরা যে যাত্রা শুরু করেছি, সেই যাত্রাকে কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করতে দেব না।
বৃহস্পতিবার দুপুরে খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আজ থেকে একটাই প্রতিজ্ঞা, একটাই অঙ্গীকার হোক। আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছি। কোনো ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করব না।’
তারেক রহমান বলেন, ‘আজও সেই ষড়যন্ত্রকারীরা ধীরে ধীরে ফণা তোলার চেষ্টা করছে। আসুন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা, এ দেশের মানুষের কল্যাণ এবং জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আমরা যে যাত্রা শুরু করেছি, সেই যাত্রায় সবাই শামিল হোন।’
তিনি বলেন, ‘আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না, কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। আসুন, আজ থেকে একটিই অঙ্গীকার হোক, একটিই কথা হোক—আমরা এমন একটি বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছি, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে। কোনো ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করব না।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, এখন সেভাবেই বাংলাদেশের অর্থনীতিকেও ধ্বংস করতে চায়। তাই আসুন, গণতন্ত্র রক্ষায় একটি গণআন্দোলন গড়ে তুলি। ইনশা আল্লাহ, আমরা যেকোনো ষড়যন্ত্র রুখে দেব। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলব, ইনশা আল্লাহ।’
এসএস/আরএন