গাজীপুর মহানগরের পূবাইলের খিলগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল রউফ সরকারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা খিলগাঁও জামে মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কবর জিয়ারত ও গণভোজের আয়োজন করা হয়।
কুলখানিতে স্বজন, সহযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধে আব্দুল রউফ সরকারের অবদান, দেশপ্রেম ও সমাজের মানুষের প্রতি তাঁর ভালোবাসার কথা স্মরণ করেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল্লাহ আল হারুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকার গত ২০ জুলাই রাতে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পরদিন ২১ জুলাই খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আব্দুল রউফ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর একান্ত সচিব আবু বকর সরকারের বাবা।