রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানভীর হোসাইন এবং নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. আলী চৌধুরী আবিদ ও শাওন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সিরাজী ভবনের সামনে ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরির জন্য জায়গা নির্ধারণ নিয়ে দুই বিভাগের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। উভয় বিভাগের শিক্ষার্থীরাই ওই জায়গায় আগে কোর্ট তৈরির জন্য বাঁশ পুঁতে রেখেছিলেন বলে দাবি করেন। পরে একই স্থানে নতুন করে কোর্ট তৈরির উদ্যোগ নেওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক স্বপ্নিল রহমান জানান, পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক সম্পর্ক ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনায় বসেছেন। ঘটনার চূড়ান্ত মীমাংসা এখনো হয়নি। আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
এফএস