২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর। এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠাতে হবে সংশ্লিষ্ট কলেজগুলোকে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব লগইন প্যানেলের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠানোর কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর এ কার্যক্রম সম্পন্ন করার আর কোনো সুযোগ থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে ব্যর্থ হলে কিংবা এ-সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হলে তার দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকেই নিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা বোর্ড কোনো দায়ভার গ্রহণ করবে না।
এসএস