নেশাগ্রস্ত ও বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত আড্ডা বন্ধ এবং আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সব ভবনের ছাদে রাত ১০টার পর অবস্থান নিষিদ্ধ করেছে হল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের বিভিন্ন ভবনের ছাদে প্রায়ই নেশাগ্রস্ত কিছু বহিরাগতকে অবস্থান করতে দেখা যাচ্ছে। এতে আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা ও হলের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে হল প্রাঙ্গণ ও ভবনের ছাদে বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, হলের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে রাত ১০টার পর সব ভবনের ছাদে অবস্থান করা সবার জন্য নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আবাসিক শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। হলের ছাদ বা প্রাঙ্গণে কোনো বহিরাগত কিংবা সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেলে তাৎক্ষণিকভাবে হল প্রশাসন অথবা সংশ্লিষ্ট ভবনের দায়িত্বপ্রাপ্ত আবাসিক শিক্ষককে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশ অমান্যকারী এবং বহিরাগতদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
এসএস