ব্রাহ্মণবাড়িয়ায় টিএ পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক দম্পতির শিশুসন্তানসহ আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম মেড্ডা পীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মুকসুদ আলীর ছেলে অটোরিকশাচালক জয়নাল আবেদীন (৪৫) এবং সরাইল উপজেলার চুন্টা গ্রামের হুমায়ুন মিয়ার মেয়ে যুথী আক্তার (২২)।
আহতরা হলেন যুথী আক্তারের স্বামী জাকির হোসেন এবং তাঁদের দুই বছর বয়সী শিশু সন্তান জয়নাল আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে ঘাটুরা অভিমুখে যাচ্ছিল। পথে পশ্চিম মেড্ডা পীরবাড়ি এলাকায় পৌঁছালে ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী টিএ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক যুথী আক্তারকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর অটোরিকশাচালক জয়নাল আবেদীনও মারা যান।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শফিকুর রহমান শাহীন/ এফএস