নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও জমির মাটি কেটে ইট তৈরির কাঁচামাল সংগ্রহের অপরাধে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তিন ইটভাটার মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পপুলার ব্রিকসের মালিক মো. আব্দুল আজিজকে ২ লাখ টাকা, তাহেরা ব্রিকসের মালিক শাহাদাত হোসেনকে ২ লাখ টাকা এবং জহুরা ব্রিকসের মালিক জামাল উদ্দিনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে ইট তৈরির কাঁচামাল সংগ্রহের জন্য মাটি কাটা এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এ জরিমানা করা হয়। একই সঙ্গে আদালতের নির্দেশে তিনটি ইটভাটার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং। তিনি বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটা ও কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষিজমি যাতে ইটভাটার কাঁচামাল সংগ্রহ কিংবা ভাটা স্থাপনের কাজে ব্যবহার না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বর থানা পুলিশ, ব্যাটালিয়নের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইইউ/আরএন