নারায়ণগঞ্জে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জালকুড়ি এলাকায় যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে বেলা সোয়া ৪টার দিকে জালকুড়ি এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও এপিসি ব্যবহার করে।
শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, অবরোধকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। তবে উসকানিদাতাদের ইন্ধনে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালান। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং উসকানিদাতাদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকালে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এম নজরুল ইসলাম আজাদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশকুল ইসলাম রাজীবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, SRB ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও কৌশলগত স্থানগুলোতে পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।