পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২২ সদস্যের ২০২৬ সালের কাফেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে মনোনীত সদস্যদের মধ্যে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহারসামগ্রী বিতরণ এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি তিনজন কর্মকর্তা ও ১৯ জন সদস্যসহ মোট ২২ জনের হাতে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ওমরাহযাত্রীদের সুস্বাস্থ্য ও নিরাপদ সফর কামনা করেন। পাশাপাশি যথাযথ নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে ওমরাহ পালন এবং দেশ ও বাহিনীর কল্যাণে দোয়া করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য তারুণ্যই উপযুক্ত সময়। জীবনের শুরুতে ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। সব ধরনের সংস্কারের মূল ভিত্তি মানসিকতার পরিবর্তন। তাই ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল, জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। ওমরাহ থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ যেন সদস্যদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিফলিত হয়।
সফরসংক্রান্ত দিকনির্দেশনায় মহাপরিচালক ওমরাহযাত্রীদের যথাযথ মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেন। সফরে পারস্পরিক সহযোগিতা, দলীয় শৃঙ্খলা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ সহযাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে সফরসংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে সতর্কতার সঙ্গে ওমরাহ সম্পন্ন করার আহ্বান জানান।
এ সময় পবিত্র ভূমিতে দেশ, জাতি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করার অনুরোধ জানান মহাপরিচালক।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসএস