গাজীপুরের শ্রীপুরে অপহরণের অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে প্রায় ১০ ঘণ্টার মধ্যে আরিফ হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় এসআরবি-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ এসব তথ্য জানান।উদ্ধার হওয়া আরিফ হোসেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরত। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার আমতলী উপজেলার পচা করালিয়া গ্রামের জাকির হোসেন (৩৫), পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামের হামিদুল (৩২) এবং একই উপজেলার নন্দীপাড়া গ্রামের রাজিব কাজী (২৮)।এসআরবি-১ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে প্রতিষ্ঠানের মাসিক সভায় যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হন আরিফ। পথে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে ঢাকা মেট্রো-গ-২৫-০৩৬৭ নম্বরের একটি প্রাইভেটকারে তাঁকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।পরে সকাল সাড়ে ৮টার দিকে অপহরণকারীরা আরিফের স্ত্রী তানিয়া আক্তারের (৩০) মোবাইল ফোনে কল করে মুক্তিপণ ও চাঁদা দাবি করে। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে এসআরবি-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে লিখিত অভিযোগ দেন।অভিযোগ পাওয়ার পর এসআরবি-১-এর একটি দল বিভিন্ন সূত্র ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় বিকেল সোয়া ৪টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার পেপসি গেট (এমপি চেকপোস্ট) থেকে আরিফকে উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।অভিযানে অপহরণে ব্যবহৃত প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন ও নয়টি সিম কার্ড জব্দ করা হয়েছে।এ ঘটনায় আরিফের স্ত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার ব্যক্তিদের আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন। মামলাটি ২/২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে গাজীপুর আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।