কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমেরতল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কদমেরতল বাজারে নিজের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন বাবর আলী। এ সময় বাগুয়া অনন্তপুর থেকে উলিপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন অটোরিকশাটি আটক করেন।
নিহতের ভাতিজা মোখলেছুর রহমান কাহার বলেন, অটোরিকশাটি তাঁদের এলাকার। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অটোরিকশাটি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেএ/আরএন