শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার সদস্যদের।
বুধবার (৪ নভেম্বর) শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোট ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁদের সঙ্গে রয়েছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।
তিনি জানান, গত সোমবার (২ নভেম্বর) ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। পরদিন মঙ্গলবার (৩ নভেম্বর) নিরাপত্তা জোরদার করে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে। বুধবার আরও এক প্লাটুন বিজিবি বাড়ানো হয়েছে।
বর্তমানে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। সব মিলিয়ে ২৫ প্লাটুনের সদস্যরা ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
এদিকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ কিংবা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এফএস