ইরান ও কাতারের মধ্যে যুদ্ধ অবসানে আলোচনা পুনরায় শুরুর খবরে সোমবার (২ নভেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ ঘিরে কূটনৈতিক তৎপরতার আশায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
সোমবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ১১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৯ ডলার বা ১ দশমিক ৪০ শতাংশ কমে ১১১ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৬ ডলার বা ১ দশমিক ৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৫৬ ডলারে নেমে এসেছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, আগের সপ্তাহে তেলের দামে বড় ধরনের উত্থানের পর চলমান দরপতন মূলত কারিগরি সংশোধনের প্রতিফলন। পাশাপাশি কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা এবং সপ্তাহান্তে বড় ধরনের সামরিক উত্তেজনা না বাড়ায় তেলের দামের ওপর চাপ কিছুটা কমেছে।
তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। ওয়াটারার সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি এবং কঠোর অবস্থানসংক্রান্ত বক্তব্য ব্রেন্ট ক্রুডের দাম আবারও ব্যারেলপ্রতি ১২০ ডলারের দিকে ঠেলে দিতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কাতারের সঙ্গে আলোচনা মূলত মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে পরামর্শ অব্যাহত রাখার উদ্দেশ্যে করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, প্রতিরক্ষা ও কূটনৈতিক-উভয় পথেই বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে তেহরান।
এদিকে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা অব্যাহত থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কাটছে না। গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় জ্বালানি পরিবহন ও জাহাজ চলাচলের ব্যয়ও বেড়েছে।
অন্যদিকে, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলায় সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সেপ্টেম্বরে তুলনায় অক্টোবরে দেশটির অপরিশোধিত তেল রপ্তানি বেড়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী দুটি প্রতিষ্ঠানের তথ্যেও রপ্তানি বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে।
এদিকে, ওপেক প্লাস ডিসেম্বর মাসের জন্য তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওপেকভুক্ত দেশগুলোর পাশাপাশি রাশিয়াসহ কয়েকটি সহযোগী দেশ নিয়ে গঠিত এই জোট আগামী বছর পর্যন্ত উৎপাদন নীতিতে নতুন কোনো পরিবর্তনের পরিকল্পনা করছে না।
এফএস