বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস২৬ সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন করেছে স্যামসাং। রাজধানীর বনানীতে গ্যাজেট অ্যান্ড গিয়ারের একটি শাখায় আয়োজিত অনুষ্ঠানে ফোনটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। এতে রয়েছে ওয়ান ইউআই ৯ ইউজার ইন্টারফেস, গ্যালাক্সি এআইয়ের বিভিন্ন সুবিধা, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। দৈনন্দিন কাজ, ছবি তোলা ও বিনোদনের অভিজ্ঞতা আরও উন্নত করতে স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে এসব সুবিধা।
ফোনটিতে থাকা গুগলের ‘সার্কেল টু সার্চ’ সুবিধার মাধ্যমে একটি ছবিতে থাকা একাধিক বস্তু একসঙ্গে খুঁজে দেখা যাবে। এ ছাড়া গ্যালাক্সি এআইয়ের হালনাগাদ ফিচারগুলো বিভিন্ন অ্যাপ ও নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী তথ্য ও সময়োপযোগী পরামর্শ দেবে। ফলে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া এবং দৈনন্দিন কাজ পরিচালনা হবে আরও সহজ।
ছবি তোলার জন্য গ্যালাক্সি এস২৬ এফইতে রয়েছে তিনটি ক্যামেরা। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি রয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং তিন গুণ অপটিক্যাল জুম সুবিধার ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। কম আলোতে ভালো মানের ছবি তোলার জন্য এতে রয়েছে নাইটোগ্রাফি সুবিধা। এ ছাড়া চলার পথে ভিডিও ধারণের সময় ফুটেজ স্থির রাখতে সহায়তা করবে ‘সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক’ ফিচার।
ক্যামেরায় ছবি তোলার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে যুক্ত করা হয়েছে বেশ কিছু বিশেষ ফিচার। এর মধ্যে ‘মাই ফ্যানক্যাম’ ছবি তোলার সময় ক্যামেরার সামনে থাকা ব্যক্তিকে অনুসরণ করে। ফলে তিনি নড়াচড়া করলেও স্বয়ংক্রিয়ভাবে ফ্রেম সমন্বয় করে তাঁকে ছবির মাঝখানে রাখা যায়। অন্যদিকে, ‘ফটো অ্যাসিস্ট’ সুবিধার মাধ্যমে সাধারণ ভাষায় নির্দেশনা লিখেই ছবিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা যাবে।
স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিতে রয়েছে ৪৫ ওয়াটের তারযুক্ত দ্রুত চার্জিং সুবিধা। স্যামসাংয়ের তথ্যমতে, ৪৫ ওয়াটের চার্জার ব্যবহার করে মাত্র ৩০ মিনিটে ব্যাটারির চার্জ শূন্য থেকে ৬৯ শতাংশ পর্যন্ত নেওয়া সম্ভব।
সফটওয়্যারের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি সুবিধা দিচ্ছে স্যামসাং। গ্যালাক্সি এস২৬ এফইতে সর্বোচ্চ সাত প্রজন্মের অপারেটিং সিস্টেম (ওএস) আপগ্রেড এবং সাত বছর পর্যন্ত নিরাপত্তা আপডেট পাওয়া যাবে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের গ্যালাক্সি এস২৬ এফই বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকায়। ফোনটির উদ্বোধন উপলক্ষে গ্যাজেট অ্যান্ড গিয়ারের পক্ষ থেকে থাকছে ২ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস। এ ছাড়া ক্রেতারা ৯ অথবা ১৮ মাসের মেয়াদে শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধায় ফোনটি কিনতে পারবেন। পাশাপাশি, ৯ মাসের ইএমআই সুবিধায় ফোনটি কিনলে বিনা মূল্যে পাওয়া যাবে একটি জেবিএল ক্লিপ ৫ পোর্টেবল স্পিকার।
-টিএস