ভূতুড়ে সাজ ছাড়াই, রঙিন কুমড়া আর শরতের উৎসবমুখর পরিবেশ—সব মিলিয়ে হ্যালোইনের আমেজে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করলেন বাংলাদেশের অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুমড়ার বাগানে ঘুরে বেড়িয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেন স্পর্শিয়া। ছবিগুলোতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের মেলভিল এলাকার একটি কুমড়ার খামারে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
একটি ছবিতে মাথার ওপর কুমড়া রেখে দুই হাত ছড়িয়ে মজার ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। অন্য একটি ছবিতে গাড়ির ভেতর থেকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন ভিন্ন সাজে। কপালের কাছে সাদা রঙে শিংয়ের মতো নকশাও এঁকেছেন তিনি।
স্পর্শিয়ার পোশাকেও ছিল শরতের আবহ। সাদা জ্যাকেট ও সোয়েটারের সঙ্গে ছিল সাদামাটা অথচ আকর্ষণীয় সাজ। ছবিতে দেখা গেছে, চারপাশে সারি সারি কমলা রঙের কুমড়া, সূর্যমুখী ফুল, পুতুল আর হ্যালোইন সাজে সজ্জিত খামার।
ছবিগুলোর ক্যাপশনে স্পর্শিয়া লিখেছেন, ‘Pumpkin Patch Day’। অর্থাৎ কুমড়ার বাগানে কাটানো একটি দিন।
যুক্তরাষ্ট্রে হ্যালোইন ঘিরে কুমড়ার বাগানে ঘুরতে যাওয়ার প্রচলন বেশ জনপ্রিয়। সেখানে পছন্দের কুমড়া বেছে নেওয়া, ছবি তোলা এবং কুমড়া দিয়ে বিশেষ সাজসজ্জা করা হয়। কুমড়া খোদাই করে চোখ-মুখ তৈরি করে ভেতরে আলো জ্বালানোর ঐতিহ্যও হ্যালোইনের অন্যতম আকর্ষণ।
সব মিলিয়ে, ভৌতিক সাজের চেয়ে কুমড়ার বাগানে হাসি-আনন্দ আর সাদামাটা স্টাইলেই এবারের হ্যালোইনকে রাঙালেন স্পর্শিয়া।
এফএস