শব্দ, সংলাপ, আবহসংগীত আর কণ্ঠের জাদুতে শ্রোতাদের কল্পনার জগতে নিয়ে যাওয়ার অনন্য শিল্পমাধ্যম অডিও ড্রামা। এই শিল্পের ঐতিহ্য, সৃজনশীলতা ও গুরুত্ব তুলে ধরতে আজ ৩০ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব অডিও ড্রামা দিবস।
অডিও ড্রামা এমন এক ধরনের নাট্য পরিবেশনা, যেখানে দৃশ্যের পরিবর্তে কণ্ঠস্বর, সংলাপ, শব্দপ্রভাব ও আবহসংগীতের মাধ্যমে গল্প ফুটিয়ে তোলা হয়। শ্রোতারা শব্দ শুনেই নিজেদের কল্পনায় চরিত্র ও ঘটনার দৃশ্য তৈরি করেন।
২০১২ সালে যুক্তরাষ্ট্রের অডিও ড্রামা অনুরাগী সিবি উইল্যান্ড দিবসটি পালনের উদ্যোগ নেন। ২০১৩ সালে প্রথমবারের মতো দিবসটি উদ্যাপন করা হয়। ১৯৩৮ সালের ৩০ অক্টোবর প্রচারিত বিখ্যাত বেতার নাটক ‘দ্য ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’-এর স্মরণে ৩০ অক্টোবর দিনটি নির্ধারণ করা হয়।
একসময় বেতার নাটক ছিল মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। সময়ের পরিবর্তনে প্রযুক্তির বিকাশের সঙ্গে অডিও ড্রামা এখন বেতারের গণ্ডি পেরিয়ে পডকাস্ট, অডিও বই ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, সামাজিক ও ঐতিহাসিক নানা গল্প নিয়ে তৈরি হচ্ছে অডিও নাটক। বিশেষ করে স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতায় নতুন প্রজন্মের মধ্যেও এই মাধ্যমের জনপ্রিয়তা বাড়ছে।
দিবসটির মূল লক্ষ্য হলো শব্দনির্ভর গল্প বলার শিল্পকে উৎসাহিত করা এবং এর সঙ্গে যুক্ত লেখক, অভিনেতা, কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক ও প্রযোজকদের অবদানকে স্বীকৃতি দেওয়া।
দৃশ্য ছাড়াই কেবল শব্দের মাধ্যমে মানুষের মনে গল্পের ছবি আঁকার এই শিল্প বিনোদন ও সংস্কৃতির জগতে নিজস্ব অবস্থান ধরে রেখেছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে অডিও ড্রামা আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এফএস