সরকারি বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা আংশিক সাবলেট বা ভাড়া দেওয়া বরাদ্দপ্রাপ্তদের আগামী শনিবার (৩১ অক্টোবর) এর মধ্যে ভাড়াটিয়া অপসারণ করে বরাদ্দকৃত বাসায় বসবাসের নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। নির্দেশনা না মানলে বাসার বরাদ্দ বাতিলসহ সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কিছু বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি তাঁদের নামে বরাদ্দ করা সরকারি বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর পরিপন্থি।
এ অবস্থায় সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন কোনো বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ বা আংশিক অন্যের কাছে সাবলেট বা ভাড়া না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে যাঁরা বাসা ভাড়া দিয়েছেন, তাঁদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া অপসারণ করে যথানিয়মে বরাদ্দকৃত বাসায় অবস্থান করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট বা ভাড়া দেওয়ার প্রমাণ পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ্দ বাতিল করা হবে। পাশাপাশি বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর বিধি ১৪(৩) অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে, যাতে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া যায়।
এসএস