প্রায় চার ঘণ্টা বিলম্বের পর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করে উড়োজাহাজটি। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যরা রয়েছেন।
উড়োজাহাজটির কারিগরি ত্রুটির কারণে এ বিলম্ব হয়। উড্ডয়নের প্রস্তুতির সময় ত্রুটি দেখা দেওয়ার পর উড়োজাহাজটিকে রানওয়ে থেকে ফিরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় প্রধানমন্ত্রীকে প্রথমে প্রায় ৩০ মিনিট উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করতে হয়। পরে তিনি নারিতা বিমানবন্দরের ভিআইপি কক্ষে সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করেন।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে এগিয়ে যায়। তবে উড্ডয়নের আগেই সেটি থেমে যায়। প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা করেন, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারছে না।
এ সময় পাইলট জানান, দুই প্রকৌশলী ত্রুটি সারানোর কাজ করছেন। সমস্যা সমাধান হলে ফ্লাইটটি আবার যাত্রা শুরু করবে। পরে উড়োজাহাজটি রানওয়ে থেকে ফিরিয়ে টারমাকে নেওয়া হয়।
জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিও থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটির বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হওয়ায় নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসে।