পাবনার আতাইকুলার পুষ্পপাড়া বাজারে একটি ব্যবসায়িক কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তদের গুলিতে বাজারের ইজারাদার আব্দুস সালাম (৫৪) ও তাঁর সহযোগী রিপন (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে। রিপন একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের ব্যবসায়িক কার্যালয়ে বসে ছিলেন সালাম ও রিপন। এ সময় ৫-৭ জনের একটি দল সেখানে ঢুকে তাঁদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিতে গুরুতর আহত সালাম ও রিপনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার সাহা বলেন, ৫-৭ জনের একটি দল গুলি করতে করতে সালামের কার্যালয়ে ঢুকে পরে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
এসএস