জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ১৫ থেকে ১৭ বছরের জমে থাকা ময়লা চাইলেই একদিনে সরিয়ে ফেলা সম্ভব নয়। গত ১৫ থেকে ২০ বছরে দেশকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে দেশকে আবার জাগিয়ে তুলতে সময় ও ধৈর্য প্রয়োজন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এ অঞ্চলের মানুষের একাগ্রতা ছিল। আন্দোলন-সংগ্রামেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ছিল। এসব কিছুর ধারাবাহিকতায় আজ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল ইসলাম, কামাল উদ্দিন আহমেদ সেলিম ও আফতাব উদ্দিনসহ স্থানীয় আইনজীবীরা।
এমআর/আরএন