ঝলমলে পোশাক, মানানসই গয়না আর হাতে বোতল—সব মিলিয়ে ভিন্ন এক সাজে ধরা দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। শরিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক পেইজে সোনালি আভাযুক্ত নকশার পোশাক পরা ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাচিং ম্যাচিং’। ছোট্ট এই ক্যাপশনে কী বোঝাতে চেয়েছেন অভিনেত্রী, তা স্পষ্ট করেননি তিনি। তবে, ছবিতে তার পোশাক ও সাজের সমন্বয় নজর কাড়ার মতো।
ছবিতে পরীমণির পোশাকের জমকালো কাজ, গলায় পেনডেন্ট, কানে দুল আর পরিপাটি চুলের সাজে আলাদা মাত্রা যোগ হয়েছে তার উপস্থিতিতে। জানালার পাশে বসে তোলা ছবিতে পেছনে দেখা যাচ্ছে রাতের শহরের আলোকিত উঁচু ভবন। সব মিলিয়ে ছবিতে ফুটে উঠেছে গ্ল্যামারাস এক আবহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্ত ও কাজের খবর ভাগ করে নিতে প্রায়ই দেখা যায় পরীমণিকে। গত ২৪ অক্টোবর জন্মদিন উদযাপন করেছেন এই অভিনেত্রী। জন্মদিনের আয়োজনেই প্রকাশ্যে আনেন নিজের নতুন সিনেমা ‘ফারজানা’র পোস্টার। সিনেমাটির বেশির ভাগ শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী বছরের রোজার ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নির্মাতা পক্ষ। সিনেমাটিতে একজন নারীর একাকী জীবনসংগ্রাম, মাতৃত্ব ও নানা প্রতিকূলতার গল্প উঠে আসবে।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং সম্প্রতি শেষ করেছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সিনেমার গল্প ও মুক্তির তারিখ নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
নতুন সিনেমার ঘোষণা, ওয়েব ফিল্মের কাজ আর সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক নতুন লুক—সব মিলিয়ে পরীমণিকে ঘিরে ভক্তদের আগ্রহ রয়েছে। এবার ‘ম্যাচিং ম্যাচিং’ ক্যাপশনে প্রকাশ করা ছবিটি সেই আগ্রহে যোগ করল নতুন মাত্রা।