পাহাড়ের অস্থিরতার জেরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে অষ্টম দিনের মতো চলছে অনির্দিষ্টকালের অবরোধ। এতে দুর্ভোগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। খাবার, বিশুদ্ধ পানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছেন তাঁরা। অন্যদিকে, অবরোধের কারণে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
অষ্টম দিনেও সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও গাছের গুঁড়ি পুড়িয়ে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
দীর্ঘদিন ধরে অবরোধ চলায় সাজেকের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সড়কে যান চলাচল বন্ধ থাকায় বাইরে থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও ওষুধ সরবরাহ করা যাচ্ছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে, পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহনসহ পর্যটননির্ভর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাব অনুযায়ী, গত আট দিনে সাজেকের পর্যটন খাতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
অবরোধ দীর্ঘায়িত হলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়ার পাশাপাশি পর্যটননির্ভর সাজেকের অর্থনীতিতে ক্ষতির পরিমাণও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এসআই/আরএন