ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভুয়া ভোটার হিসেবে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বলেন, কেন্দ্রে তিনজন ভুয়া ভোটার পাওয়া গেছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন। আপাতত তাঁদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। তাঁদের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার পর এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২১ আগস্ট বঙ্গভবনে শপথ নেন।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, ২১ আগস্ট থেকে তাঁর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
এ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তাঁর প্রতীক ধানের শীষ। অন্য প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এফএস