মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের জন্য তেহরানকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পূর্বে হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তিকে সময়ের অপচয় বলে উল্লেখ করে সামরিক অভিযানের পক্ষে নিজের অবস্থান জোরালো করেছেন। সোমবার (২৬ অক্টোবর) মিসিসিপির করিন্থ শহরে একটি নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করিনি। ইরান আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে।’ তিনি আরও উল্লেখ করেন, এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল এবং তেলের দাম আরও বাড়ার আশঙ্কা থাকলেও তিনি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন।
যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি শুরু থেকেই এই ব্যবস্থা পছন্দ করেননি। তিনি বলেন, ‘আমরা একটি ছোট যুদ্ধবিরতি করেছিলাম, যা আমি কখনো খুব একটা পছন্দ করিনি। আমরা ভালো হতে চেয়েছি, তবে যতদূর আমি মনে করি এটি কেবল সময়ের অপচয় ছিল।’
এছাড়াও ট্রাম্প দাবি করেন, ইরান এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপে আঘাত হানতে সক্ষম এবং অচিরেই মার্কিন শহরগুলোকেও নিশানা করতে পারত। তিনি বলেন, ‘তারা সান ডিয়েগোতে আঘাত হানত, তারা লস অ্যাঞ্জেলেসে আঘাত হানত, তারা আমাদের শহরগুলোতেও আঘাত হানত।’
এসএ