দেশের ফ্যাশন, লাইফস্টাইল ও মিডিয়া খাতে সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়েলিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট ও ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে।
এ সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে কার্যক্রম ও কনটেন্টের পরিসর বাড়ানো, বৃহত্তর দর্শক-শ্রোতার সঙ্গে সম্পৃক্ততা তৈরি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান দুটির।
উদ্যোগটির আওতায় ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও গাছপালার পরিচর্যার মতো বিষয়েও কনটেন্ট তৈরি করা হবে। পরিবর্তিত ভোক্তা রুচি, আগ্রহ ও জীবনযাপনের ধরন বিবেচনায় রেখে তথ্যবহুল, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কনটেন্ট তৈরিতে গুরুত্ব দেবে প্রতিষ্ঠান দুটি।
পাশাপাশি সৃজনশীলতার বিকাশ, নতুন প্রতিভা গড়ে তোলা এবং বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি আনতে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে সহযোগিতার সুযোগ অনুসন্ধান করা হবে। সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি, অর্থবহ আলোচনা উৎসাহিত করা এবং তরুণদের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ তৈরিও এ অংশীদারত্বের লক্ষ্য।
চুক্তিতে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান স্বাক্ষর করেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা যৌথ লক্ষ্য, কৌশলগত পরিকল্পনা ও ভবিষ্যৎ সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
দুই প্রতিষ্ঠানের প্রত্যাশা, এ অংশীদারত্ব বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করবে। সৃজনশীল যোগাযোগ, আকর্ষণীয় কনটেন্ট ও বড় পরিসরের আয়োজনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দর্শক-শ্রোতার সঙ্গে আরও নিবিড় সংযোগ গড়ে তুলতে কাজ করবে তারা।
এসএস