আজ ২৬ অক্টোবর, কুমড়ো দিবস। কুমড়োর পুষ্টিগুণ, খাদ্য হিসেবে এর ব্যবহার এবং কৃষিতে এর গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালনের কথা বলা হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রে কুমড়োকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব ও আয়োজন দেখা যায়।
কুমড়ো আমাদের পরিচিত একটি সবজি, যা পুষ্টিগুণে সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, আঁশ ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। বিশেষ করে কুমড়োয় থাকা বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ তৈরিতে ভূমিকা রাখে, যা চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
বাংলাদেশেও কুমড়োর ব্যাপক ব্যবহার রয়েছে। মিষ্টিকুমড়া দিয়ে তরকারি, ভর্তা, স্যুপ ও বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। অন্যদিকে, চালকুমড়ো দিয়ে তরকারির পাশাপাশি বড়ি ও মোরব্বাও তৈরি করা হয়। কুমড়োর বীজেও রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও বিভিন্ন খনিজ উপাদান।
কৃষিক্ষেত্রেও কুমড়ো একটি গুরুত্বপূর্ণ ফসল। দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ির আঙিনা, জমি ও মাচায় কুমড়োর চাষ হয়। তুলনামূলকভাবে সহজ চাষাবাদ এবং খাবার হিসেবে বহুমুখী ব্যবহারের কারণে গ্রামীণ পরিবারগুলোর খাদ্য ও আয়ের উৎস হিসেবেও এটি ভূমিকা রাখে।
এফএস