দাড়ি কামিয়ে নতুন লুকে নিজেকে দেখার দিন আজ।
১৮ অক্টোবর পালিত হচ্ছে জাতীয় দাড়ি কাটা দিবস। দিনটি দাড়ি কামানো, ব্যক্তিগত পরিচর্যা এবং নিজের চেহারায় পরিবর্তন আনার একটি মজার উপলক্ষ হিসেবে পরিচিত।
অনেক পুরুষ দীর্ঘদিন দাড়ি রাখেন। কেউ ফ্যাশনের কারণে, কেউ ব্যক্তিগত পছন্দে। আবার অনেকে নিয়মিত দাড়ি কামিয়ে পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। জাতীয় দাড়ি কাটা দিবসে দাড়িওয়ালাদের জন্য থাকছে চেহারায় পরিবর্তন আনার সুযোগ। দাড়ি কামিয়ে পরিচিত মুখটিকে নতুনভাবে আবিষ্কার করার পাশাপাশি বন্ধু ও পরিবারের সদস্যদের চমকে দেওয়ার সুযোগও রয়েছে।
দিবসটি পালনের অন্যতম আকর্ষণ হলো দাড়ি কামানোর আগে ও পরের চেহারার পার্থক্য। অনেকে এ উপলক্ষে সেলুনে যান, কেউবা বাড়িতেই নিজের দাড়ি কামিয়ে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের ছবি প্রকাশ করেও দিনটি উদযাপন করেন অনেকে।
দাড়ি কাটা বা রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। তবে মুখের ত্বক ভালো রাখতে দাড়ি কামানোর সময় পরিষ্কার ও ধারালো রেজর ব্যবহার করা, শেভিং ক্রিম লাগানো এবং পরে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।
দাড়ি কাটা দিবস নিছক সাজসজ্জার উপলক্ষ হলেও নিজের যত্ন নেওয়া এবং ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়ার কথাও মনে করিয়ে দেয় দিনটি।
এফএস