রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিগার রুবেল ও রিয়াজ ওরফে জোটন। তাঁদের মধ্যে বিগার রুবেলের বিরুদ্ধে ১০টি এবং জোটনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, আদাবর থানায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর ১৪, তারিখ ২৩ অক্টোবর) ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে মোহাম্মদপুর থানার নবীনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এডিসি জুয়েল রানা জানান, বিগার রুবেলের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। একই ধরনের অভিযোগে রিয়াজ ওরফে জোটনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
-টিএস