স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বর্তমানে ‘আওয়ামী বাংলাদেশ’ শাখার সভানেত্রীর মতো ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে রুমিন ফারহানা বিএনপির পক্ষে এবং আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছেন। বিষয়টি তাঁকে অবাক করেছে বলেও জানান তিনি।
রাশেদ খাঁনের অভিযোগ, মনোনয়ন না পাওয়ার কারণে রুমিন ফারহানা বিএনপির বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার ও বিষোদগার করছেন। তিনি বলেন, “বলা যায়, অনেকটা রুমিন ফারহানা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন। গতকাল দেখলাম, তিনি একজন ওসিকে বলছেন, ‘আওয়ামী লীগের চোর’।”
রাশেদ খাঁন আরও বলেন, রুমিন ফারহানা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। তাঁর ভাষ্য, ওই ওসি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হলেও রুমিন ফারহানার তাঁর পক্ষে থাকার কথা। প্রয়োজন অনুযায়ী আওয়ামী লীগকে ব্যবহার করা এবং পরে প্রয়োজন ফুরালে দলটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলার প্রবণতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
-টিএস