যান্ত্রিক ত্রুটির কারণে ১৬ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপমহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
কারখানা সূত্রে জানা গেছে, প্রায় আট মাস গ্যাসসংকটের কারণে বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে গত ৬ অক্টোবর গভীর রাতে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। তবে পরদিন ৭ অক্টোবর রাতে বয়লার প্ল্যান্টে ত্রুটি দেখা দিলে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে শুক্রবার সকালে ত্রুটি মেরামত করা হলে পুনরায় উৎপাদন শুরু হয়।
উপমহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, ৭ অক্টোবর রাতে বয়লার প্ল্যান্টে ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। ত্রুটি সমাধানের পর শুক্রবার সকাল থেকে কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানের যমুনা সার কারখানায় শুরুতে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা ছিল। তবে গ্যাসের চাপ কম থাকা ও বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে উৎপাদন কমে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টনে নেমে আসে।
কারখানাটির নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২ থেকে ৪৫ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। উৎপাদন চালু থাকলে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলের কৃষকদের কাছে ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে সার সরবরাহ করা হয়।
এসএস