গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম নিহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া এলাকায় মহাসড়কের পাশে টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে ছিলেন এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল। শুক্রবার ভোরে তাঁরা সড়কের পাশে গাড়ি থামিয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিলেন।
এ সময় একটি কাভার্ড ভ্যান তাঁদের ধাক্কা দেয়। এতে এসআই মিজানুর রহমান, পুলিশের পিএসআই জাবেদ ওমর, গাড়িচালক কনস্টেবল ফজলে রাব্বি এবং স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম গুরুতর আহত হন।
পরে এক রিকশাচালক ও এক পথচারী আহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কাভার্ড ভ্যান ও এর চালকের সন্ধানে পুলিশের একটি দল কাজ করছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএস