ভোলার বোরহানউদ্দিনে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ওই বাড়ির আবদুল গনির মেয়ে তানহা (১০) ও মো. শাহিনের মেয়ে মাহা (৯)। দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পথচারীরা এক শিশুকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় বাড়ির লোকজন এসে শিশুটিকে উদ্ধার করেন। অপর শিশুটি পানির নিচে গাছের ডালের সঙ্গে আটকে ছিল বলে জানা গেছে।
পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
এসএস