‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ ভক্তদের জন্য সুখবর। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) আবারও ফিরছেন সুপারহিরো স্টার-লর্ড।
চরিত্রটিতে অভিনয় করা হলিউড অভিনেতা ক্রিস প্র্যাট সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু তা নয়, স্টার-লর্ডকে ফিরিয়ে আনতে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
দ্য প্লেলিস্টের ‘বিঞ্জওয়ার্দি’ পডকাস্টে স্টার-লর্ডের প্রত্যাবর্তন নিয়ে কথা বলতে গিয়ে প্র্যাট বলেন, মার্ভেল স্টুডিওসের প্রেসিডেন্ট কেভিন ফেইজি ও নির্বাহী প্রযোজক লুই ডি’এসপোসিতোর সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো। চরিত্রটিকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁদের মধ্যে নিয়মিত আলোচনা চলছে এবং এ জন্য বাস্তব পদক্ষেপও নেওয়া হয়েছে।
প্র্যাট বলেন, ‘হ্যাঁ, স্টার-লর্ডকে আবার দেখতে পাবেন দর্শকরা। বিষয়টি সত্যিই দারুণ রোমাঞ্চকর। তবে ঠিক কখন সে ফিরবে, তা জানানোর অনুমতি আমার নেই। তবে সে কোথাও হারিয়ে যাচ্ছে না।’
এর কয়েক মাস আগে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে স্টার-লর্ডকে ফিরিয়ে আনার একটি পরিকল্পনা মার্ভেল কর্তৃপক্ষের কাছে তুলে ধরার কথা জানিয়েছিলেন প্র্যাট। ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে তিনি বলেছিলেন, মার্ভেল তাঁর কাছে যে কাজ চাইবে, তা করতে তিনি আগ্রহী। পাশাপাশি চরিত্রটিকে ভবিষ্যতে কীভাবে উপস্থাপন করা যায়, সে বিষয়ে তাঁর নিজস্ব একটি শক্তিশালী ভাবনাও রয়েছে।
মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফেইজির কাছে সেই পরিকল্পনা তুলে ধরেছেন কি না, এমন প্রশ্নের জবাবে প্র্যাট বলেন, ‘হ্যাঁ।’ আগামী ১০ বছরের গল্প বলার পরিকল্পনা সাজাতে মার্ভেলকে যেকোনোভাবে সহযোগিতা করতেও তিনি আগ্রহী বলে জানান।
ক্রিস প্র্যাট এখন পর্যন্ত ছয়টি মার্ভেল চলচ্চিত্রে স্টার-লর্ড চরিত্রে অভিনয় করেছেন। এগুলো হলো ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’, ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ২’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ এবং ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’।
সর্বশেষ সিনেমাটির শেষাংশে ক্রেডিট দৃশ্যে স্টার-লর্ডের ফিরে আসার ইঙ্গিত দেওয়া হয়েছিল। এবার প্র্যাটের বক্তব্যে সেই প্রত্যাবর্তনের সম্ভাবনা আরও স্পষ্ট হলো।
এদিকে এমসিইউর পরবর্তী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এ সিনেমায় স্টার-লর্ড থাকবেন কি না, সে বিষয়ে প্র্যাট কিছু জানাননি।
এসএস