বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। গত ৮ অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ।
তিনি জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) দ্বিতীয় দফার যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়। সভায় নির্বাচন কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ বলেন, “বর্তমান কার্যনির্বাহী কমিটি যথাসময়ে আমাদের দায়িত্ব হস্তান্তর করেছে। এ জন্য কমিটিকে ধন্যবাদ। তাদের সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব।”
জমজমাট ও উপভোগ্য নির্বাচন হবে বলে প্রত্যাশা করেছেন ২০২৪-২০২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল। যৌথভাবে তারা বলেন, “নির্বাচন নিয়ে অনেকেই আগ্রহভরে অপেক্ষা করছেন। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে এবারও উৎসবমুখর একটি নির্বাচন হবে।”
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাচসাস জানায়, আগামী ২০ নভেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
যৌথসভায় আরও উপস্থিত ছিলেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া এবং নির্বাহী সদস্য সাজু আহমেদসহ অন্যরা।
এবার বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। কমিশনের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।
এসএস