কৃষ্ণসাগরে রোমানিয়ার জলসীমায় প্রবেশ করা দুটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির এফ-১৬ যুদ্ধবিমান।
শনিবার (১৭ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার (১৮ অক্টোবর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাদু মিরুৎসা জানান, ড্রোন দুটি ঘণ্টায় প্রায় ৪৫০ কিলোমিটার গতিতে উড়ছিল। এগুলো রাশিয়ার তৈরি ‘গেরান-৪’ মডেলের ড্রোন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ড্রোনগুলোর উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার ড্রোন দুটি কৃষ্ণসাগরে দেশটির জলসীমায় প্রবেশ করে। এরপর সেগুলো শনাক্ত করে এফ-১৬ যুদ্ধবিমানের মাধ্যমে ভূপাতিত করা হয়। এ ধরনের উচ্চগতির ড্রোন ভূপাতিত করার ঘটনা দেশটির জন্য প্রথম বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
এর কয়েক দিন আগে রোমানিয়ার কৃষ্ণসাগর উপকূলের কাছে দুটি রাসায়নিকবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটে। জাহাজ দুটি ইউক্রেনের পণ্য রপ্তানির গুরুত্বপূর্ণ পথ সুলিনা খালের কাছে নোঙর করা ছিল। হামলার পর সাতজন নাবিক নিখোঁজ রয়েছেন, তাঁদের সন্ধানে অভিযান চলছে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলার ঘটনা বাড়তে থাকায় কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ন্যাটো সদস্য রোমানিয়া এর আগে একাধিকবার নিজেদের আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশের অভিযোগ জানিয়েছে।
এদিকে, কৃষ্ণসাগর অঞ্চলের প্রতিরক্ষা ও নিরাপত্তা জোরদারের বিষয়ে আগামী মঙ্গলবার ন্যাটোর উত্তর আটলান্টিক কাউন্সিলে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সূত্র: রয়টার্স /এফএস