ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু মানুষ হতাহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:২৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কানাডার আলবার্টা প্রদেশের ওয়েইনরাইট সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে আশপাশের হাসপাতালগুলো।

শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে আগুনের সূত্রপাত। প্রবল বাতাসের কারণে আগুন সামরিক ঘাঁটির বাইরে আশপাশের গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ে।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তবে নিহত ও আহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি পরিস্থিতিকে ‘অত্যন্ত সক্রিয় ও সংবেদনশীল’ বলে বর্ণনা করেন। কী কারণে আগুনের সূত্রপাত, তা জানতে তদন্ত চলছে।

হাসপাতালে আহতদের চাপ
এডমন্টনের রয়্যাল আলেকজান্দ্রা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়ারেন থিরস্ক সিবিসি নিউজকে বলেন, সামরিক ঘাঁটির আশপাশের স্বাস্থ্যকেন্দ্রগুলো আহতদের চাপ সামলাতে পারছে না। এ কারণে এডমন্টনের বিভিন্ন হাসপাতালে রোগী পাঠানো হচ্ছে।

থিরস্ক পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে বলেন, এটি ১৫ থেকে ২৫ বছরে একবার ঘটে এমন বিপর্যয়ের মতো। আহতদের চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতালকে জরুরি ভিত্তিতে কাজ করতে হচ্ছে।

কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, শনিবার বিকেল ৪টার কিছু পর সামরিক ঘাঁটির একটি প্রশিক্ষণ এলাকায় আগুন লাগার খবর পেয়ে পুলিশ সদস্যদের সেখানে পাঠানো হয়।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে রয়েছেন কানাডার সশস্ত্র বাহিনীর সদস্যরাও।

এদিকে আলবার্টার বিভিন্ন এলাকায় শক্তিশালী ঝড়ো বাতাস বয়ে যায়। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।

এতে গাছ উপড়ে পড়ে, বিভিন্ন সাইনবোর্ড ভেঙে যায় এবং রাস্তায় ময়লার পাত্র উড়ে যেতে দেখা যায়। প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেগ পেতে হয়।

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা
শনিবার রাত ১১টার দিকে ওয়েইনরাইটের পৌর প্রশাসন জানায়, আগুন নিয়ন্ত্রণের কাজ চলছিল। গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়। তবে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি।

সামরিক ঘাঁটির কাছের ওয়েইনরাইট শহরে প্রায় সাত হাজার মানুষের বসবাস।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি বলেন, সাম্প্রতিক সময়ে এমন ঘটনার কথা তার মনে পড়ে না। আগামী কয়েক ঘণ্টা ও দিনে পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য জানানো হবে।

সূত্র: এপি

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement