হামলার হুমকি পাওয়ার পর ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। রোববার (১৮ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এয়ারবাস এ৩২০ মডেলের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছে অবস্থান করার সময় বিমানের ক্রুরা বোমা হামলার হুমকির খবর পান। এরপর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানটি সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় একটি সংকট ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে। একই সঙ্গে হুমকির বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়।
তবে হুমকিটি কোথা থেকে এসেছে, বিমানে কোনো বিস্ফোরক ছিল কি না কিংবা যাত্রী ও ক্রুদের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এফএস