রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে নতুন বাংলাদেশ সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩১ একর জমির ওপর সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে এবং ২০২৯ সালে সেখানে দাপ্তরিক কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিবের তথ্য অনুযায়ী, নতুন সচিবালয় নির্মাণে পুরো অর্থায়ন করবে বাংলাদেশ সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সরকারি দপ্তরগুলোর জন্য নতুন প্রশাসনিক অবকাঠামো গড়ে উঠবে।
রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।