ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পিএম আপডেট: ১৬.১০.২০২৬ ৭:৩৭ পিএম
X
Advertisement

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বাংলাদেশ একটি বহুত্ববাদী ও ধর্মীয় সম্প্রীতির দেশ। এ দেশে প্রতিটি নাগরিক স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রেইনবো নেশন’ ধারণার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ শুক্রবার বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু, এমপি, এসব কথা বলেন। অনুষ্ঠানে বান্দরবান জেলার ৩৩টি দুর্গাপূজা মণ্ডপের পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে মোট ২৫ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উৎসব নয়; বরং এটি পারস্পরিক সামাজিক বন্ধন, শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি উৎসবের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে রাতে পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

সরকারি আর্থিক সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার সব সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত বছরের অভিজ্ঞতার আলোকে এবার স্বচ্ছতার সঙ্গে জেলা প্রশাসন ও জেলা পরিষদের মাধ্যমে অনুদান বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তিনি অনুদানের অর্থ যথাযথভাবে পূজার প্রস্তুতি, পরিচ্ছন্নতা, মণ্ডপের নিরাপত্তা এবং মন্দির ও শ্মশানের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজে ব্যবহারের পরামর্শ দেন।

পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামোর মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement