আগামী ২০ অক্টোবর রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ওই দিন বেলা ৩টায় এ জনসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম রাজশাহী সফর।
জনসভা ঘিরে মাদরাসা মাঠে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। মাঠ পরিষ্কার, মঞ্চ নির্মাণ, দেয়ালে রং করা, সৌন্দর্যবর্ধন ও মাঠসংলগ্ন সড়ক সংস্কারসহ বিভিন্ন কার্যক্রম চলছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন মাদরাসা মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠের পরিচ্ছন্নতা, দেয়ালে রং করা, সড়ক সংস্কার ও মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর নগরবাসীর জন্য আনন্দের বিষয়। তাঁকে একনজর দেখতে রাজশাহীবাসী অপেক্ষা করছেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সকালে সামরিক বাহিনীর একটি বিমানে সৈয়দপুর হয়ে রংপুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রংপুর ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাজশাহীতে পৌঁছাবেন তিনি। দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টায় মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন।
রাজশাহী সফর শেষে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন তিনি। এক দিনে তিন বিভাগ সফরের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী।
এসএস